সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা-কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা
অনলাইন ডেস্ক:
খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
সাদিক কায়েম রোববার ভোরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ৩টার দিকে তাঁর বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। একই সঙ্গে ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনার সময় বাড়িতে তাঁর বাবা-মা ছিলেন।
তিনি জানান, হামলাকারীদের উদ্দেশ্য ছিল বাড়ির চারপাশে আগুন ছড়িয়ে পুরো ঘরে অগ্নিসংযোগ করা। তবে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় তা নেভানো সম্ভব হয়। এতে তাঁর বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে সাদিক কায়েমের পরিবারের সদস্যদের চিৎকার শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে বাড়ির সিঁড়ির পাশের উঠানে আগুন জ্বলতে দেখেন তাঁরা। পরে তাঁরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঘটনাস্থলে কেরোসিন পড়ে থাকতে দেখেন তাঁরা।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি।
সাদিক কায়েম অভিযোগ করেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছে।
