ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

বক্স অফিসে দুর্দান্ত সূচনা করল ‘সানরাইজ অন দ্য রিপিং’

প্রকাশিত: 23 November 2026, 3:16 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

গত ১২ বছরের মধ্যে ‘দ্য হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বড় অভিষেক ঘটিয়েছে নতুন প্রিক্যুয়েল সিনেমা ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’। বক্স অফিস মোজোর স্টুডিও হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহগুলোতে ছবিটি আনুমানিক ১২০ মিলিয়ন ডলার আয় করেছে এবং বিশ্বব্যাপী এর উদ্বোধনী আয় দাঁড়িয়েছে ২২৫ মিলিয়ন ডলারে।

তরুণ হেইমিচ অ্যাবারনাথিকে নিয়ে নির্মিত লায়ন্সগেটের এই সিনেমাটি ৪ হাজার ১৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে এবং প্রতিটি প্রেক্ষাগৃহ থেকে গড়ে ২৯ হাজার ৮৬৫ ডলার আয় করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবারে (২০ নভেম্বর) ছবিটি আয় করে ৫৬ মিলিয়ন ডলার, যার মধ্যে প্রিভিউ স্ক্রিনিং থেকেই আসে ২১ মিলিয়ন ডলার। এরপর শনিবার (২১ নভেম্বর) ৩৬.৩ মিলিয়ন ডলার আয় করে এবং রবিবারে (২২ নভেম্বর) আনুমানিক ২৭.৭ মিলিয়ন ডলার আয়ের করেছে।

বিদেশের বাজার থেকে সিনেমাটি আনুমানিক ১০৫ মিলিয়ন ডলার আয় করেছে। ১৫০ মিলিয়ন ডলার নির্মাণ ব্যয়ের ছবিটি মুক্তির প্রথম সপ্তাহের শেষেই বাজেট ছাড়িয়ে গেছে বলে বক্স অফিস বিশ্লেষণে উঠে এসেছে।

ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে অবস্থান নিয়ে বক্স অফিস মোজো জানিয়েছে, এখন পর্যন্ত মুক্তি পাওয়া ছয়টি ‘হাঙ্গার গেমস’ সিনেমার মধ্যে ‘সানরাইজ অন দ্য রিপিং’-এর উত্তর আমেরিকার উদ্বোধনী আয় চতুর্থ বৃহত্তম। আগের প্রিক্যুয়েল ‘দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস’-এর তুলনায় এটি প্রায় ২.৭ গুণ বেশি আয় দিয়ে যাত্রা শুরু করেছে।

সপ্তাহের শেষে বক্স অফিসে অন্য কোনো সিনেমা এই ছবির ধারেকাছেও আসতে পারেনি। তথ্য অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহগুলোতে মোট টিকিট বিক্রির প্রায় ৭২ শতাংশই ছিল ‘সানরাইজ অন দ্য রিপিং’-এর দখলে।

মন্তব্য করুন