ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

প্রকাশিত: 23 November 2026, 8:20 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে ফল বদলে গেছে ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর। তাঁদের মধ্যে ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন, আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬০০ জন।

সোমবার বিকেল ৩টার পর দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এ ফল প্রকাশ করে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইটে ফল দেখতে পারছেন। আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমেও ফল পাঠানো হয়েছে।

পুনর্মূল্যায়নে ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন ২০ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পাওয়া ১ হাজার ৬০০ জনের মধ্যে ঢাকা বোর্ডে ৪৬৪ জন, ময়মনসিংহে ২৭৪, মাদ্রাসা বোর্ডে ১৭১, যশোরে ১৬২, দিনাজপুরে ১৩৪, কুমিল্লায় ১২০, চট্টগ্রামে ১০১, সিলেটে ৭৭, রাজশাহীতে ৫৬, বরিশালে ২১ ও কারিগরি বোর্ডে ২০ জন। পরিবর্তন হয়েছে মোট আবেদনকারীর ১১ দশমিক ৪৫ শতাংশের ফল।

এবারই প্রথম এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের সুযোগ চালু করা হয়েছে। এতে নম্বর গণনা বা যোগ-বিয়োগের ভুল সংশোধনের পাশাপাশি উত্তরপত্রের মূল্যায়নও নতুন করে পর্যালোচনা করা হয়েছে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনরায় যাচাইয়ের আবেদন করেছিলেন। গত ১ নভেম্বর আবেদন শুরু হয়ে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত চলে। সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে ঢাকা শিক্ষা বোর্ডে — ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র।

বোর্ডভিত্তিক হিসাবে ফল পরিবর্তনের সংখ্যায় শীর্ষে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এ বোর্ডে ১৮ হাজার ৮৭০ জন শিক্ষার্থী আবেদন করেন; তাদের ৭১ হাজার ৭৬২টি উত্তরপত্র যাচাই করে ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন করা হয়েছে। আবেদনকারীদের মধ্যে এ বোর্ডে ফল পরিবর্তনের হার ৪৪ দশমিক ১৯ শতাংশ। ঢাকা বোর্ডে ৫ হাজার ৮৫৩ জন, কারিগরি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৮৬০ জন ও কুমিল্লা বোর্ডে ৩ হাজার ৬৫ জনের ফল পরিবর্তন হয়েছে।

গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফলে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন; অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। জিপিএ-৫ পান ৪০ হাজার ৮৪ জন।

সংশোধিত ফল ভর্তি প্রক্রিয়ায় প্রযোজ্য হবে। আপিল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে আর কোনো বাধা নেই; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন