ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি গয়না লুট

প্রকাশিত: 28 November 2026, 5:15 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ধানমন্ডিতে একটি শপিং মলে অবস্থিত একটি গয়নার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পূরবী জুয়েলার্সে এই চুরির ঘটনা ঘটে।

পূরবী জুয়েলার্স নামে ওই দোকানটির মালিকের অভিযোগ, দুর্বৃত্তরা নিরাপত্তাকর্মীদের ‘মোরগ পোলাও খাইয়ে অচেতন করে’ প্রায় দুই হাজার ভরি গয়না ও ১০-১২ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় দোকান ও মার্কেটের নিরাপত্তাকর্মীদের ‘যোগসাজশ থাকার’ সন্দেহ করছে দোকান কর্তৃপক্ষ।

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ জানান, আনুমানিক প্রায় দুই হাজার ভরি গয়না চুরি হয়েছে। এ ছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকা তারা নিয়ে গেছে।

পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল বলেন, ঘটনার পর থেকে কয়েকজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাদের একজন জুয়েলার্সের নিজস্ব এবং দুজন মার্কেটের। দোকানের অন্য নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাওয়ের সঙ্গে কিছু খাইয়ে অচেতন করা হয়ে থাকতে পারে।

সঞ্জীব শীল আরও বলেন, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে চুরি করতে দেখা গেছে। এ ছাড়া সেখানে আরও দুজন অপরিচিত লোকের উপস্থিতি ছিল। ফুটেজে দেখা গেছে, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করেছেন। ভেতরে ঢোকার পর তাদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগের তার কেটে দেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, আমরা কাজ করছি। জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।

ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, মার্কেটের দুই নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

মন্তব্য করুন