অনলাইন ডেস্ক:
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেছেন, “আমরা নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সহায়তা প্রদান করছি এবং আশা করছি, এটি বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে।” মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
স্টেফান লিলার বলেন, “গত ডিসেম্বরে আমরা নির্বাচন কমিশনের কাছে সহায়তার জন্য অনুরোধ করেছিলাম। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে জানুয়ারিতে ইউএন-এর একটি মূল্যায়ন দল দুই সপ্তাহ সফর করে, যাতে তারা নির্বাচন আয়োজনের জন্য কী ধরনের কারিগরি সহায়তা প্রদান করা যায় তা মূল্যায়ন করে। তাদের সুপারিশের ভিত্তিতে আমরা উন্নয়ন সহযোগীদের সঙ্গে ভোটার নিবন্ধন, ভোটার শিক্ষণ কার্যক্রম এবং ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করার বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি।”
তিনি আরও বলেন, “আমরা নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা দিচ্ছি, যাতে নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়। তবে নির্বাচন কমিশন এবং সরকারই নির্বাচনের সময়সীমা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, এ বিষয়ে আমাদের কিছু করার নেই।”
নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ রয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এটি নিয়ে মন্তব্য করা আমার কাজ নয়।”
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনের চার কমিশনার, ইসি সচিব এবং ইউএনডিপিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।











