ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

না ফেরার দেশে বিচ বয়েজের সহ-প্রতিষ্ঠাতা মাইক লাভ

প্রকাশিত: 29 November 2026, 2:39 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

কিংবদন্তি ব্যান্ড ‘দ্য বিচ বয়েজ’-এর সহ-প্রতিষ্ঠাতা, গায়ক ও গীতিকার মাইক লাভ আর নেই। শনিবার (২৮ নভেম্বর) ৮৫ বছর বয়সে পরিবারের সান্নিধ্যে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

তার প্রেস প্রতিনিধি কেটি অল্টম্যান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও সুনির্দিষ্ট কারণ বা স্থান জানাননি। তবে ভ্যারাইটির তথ্য অনুযায়ী, বিকেল ৫টার দিকে মালিবুতে একটি জরুরি চিকিৎসাজনিত ঘটনায় প্যারামেডিকরা সাড়া দেন, যা লাভের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি অসুস্থতা ও শারীরিক দুর্বলতার কারণে ট্যুরের কিছু তারিখ বাতিল করেছিলেন তিনি এবং ১০ অক্টোবর ন্যাশভিলে ব্যান্ডের সঙ্গে শেষ পারফর্ম করেন।

১৯৬২ সালে ক্যালিফোর্নিয়ার হথর্নে চাচাতো ভাই ব্রায়ান, ডেনিস ও কার্ল উইলসন এবং বন্ধু অ্যাল জার্ডিনকে নিয়ে বিচ বয়েজ গঠন করেন মাইক লাভ। সার্ফ ও গাড়ি সংস্কৃতি নিয়ে তৈরি দলটির বহু জনপ্রিয় গানের সহ-রচয়িতা ছিলেন তিনি—যার মধ্যে ‘আই গেট অ্যারাউন্ড’, ‘ক্যালিফোর্নিয়া গার্লস’, ‘হেল্প মি, রোন্ডা’ ও ‘গুড ভাইব্রেশনস’ উল্লেখযোগ্য। ১৯৮৮ সালে তিনি ব্যান্ডের সদস্য হিসেবে রক অ্যান্ড রোল হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন।

ব্রায়ান উইলসন সফর থেকে সরে দাঁড়ানোর পর দীর্ঘ সময় ধরে বিচ বয়েজকে মঞ্চে ও সফরে সক্রিয় রাখেন লাভ। তবে গানের রয়্যালটি নিয়ে মামলা, ব্যান্ডের নাম ব্যবহারের আইনি বিরোধ এবং সৃজনশীল মতপার্থক্যের কারণে ভক্ত ও সহকর্মীদের একাংশের সঙ্গে তার টানাপোড়েন ও বিতর্কও তৈরি হয়েছিল। মৃত্যুকালে তিনি পঞ্চম স্ত্রী জ্যাকুলিন ও ৯ সন্তানকে রেখে গেছেন।

মন্তব্য করুন