ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

কোটি টাকার রাজকীয় ট্রেনযাত্রায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো

প্রকাশিত: 29 November 2026, 2:45 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

বিলাসবহুল ভ্রমণে যে কেটি পেরি ও জাস্টিন ট্রুডো বেশ পটু, তা আবারও প্রমাণ হলো। ৪২ বছর বয়সি জনপ্রিয় গায়িকা এবং ৫৪ বছর বয়সি কানাডার সাবেক প্রধানমন্ত্রী সম্প্রতি বিখ্যাত ‘ভেনিস সিম্পলন-ওরিয়েন্ট-এক্সপ্রেস’ ট্রেনে করে প্যারিস থেকে ভেনিসে ২৪ ঘণ্টার এক রোমাঞ্চকর যাত্রা সেরেছেন। এ সফরে তারা উঠেছিলেন ট্রেনের সবচেয়ে অভিজাত ও ব্যক্তিগত কামরা ‘ল অবজারভাতোয়ার’-তে।

ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমস-এর তথ্য অনুযায়ী, প্যারিস থেকে ভেনিসগামী ২৪ ঘণ্টার এই একমুখী যাত্রার স্যুটটির ভাড়া প্রায় ৮০ হাজার পাউন্ড (মার্কিন হিসাব অনুযায়ী প্রায় ১ লাখ ৫ হাজার ডলার)। তবে এই বিপুল অঙ্কের অর্থ পেরি ও ট্রুডো নিজেরা দিয়েছেন কিনা, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে পেরির প্রতিনিধি এবং ট্রেনটির পরিচালনাকারী প্রতিষ্ঠান বেলমন্ডের সঙ্গে যোগাযোগ করেছে বিশ্বখ্যাত ম্যাগাজিন ‘পিপল’।

বেলমন্ডের ওয়েবসাইটের তথ্যমতে, ‘ল অবজারভাতোয়া’ কামরায় রয়েছে আলাদা বেডরুম, খাবার জায়গা এবং বইয়ে ঠাসা একটি লাইব্রেরি। এ ছাড়াও ব্যক্তিগত বাটলার সেবা, স্কাইলাইট ও বাথরুমে সোকার টাব, প্রচুর পরিমাণে ক্যাভিয়ার ও শ্যাম্পেন- সবকিছুর ব্যবস্থাই রয়েছে এই বিশেষ কামরায়।

ট্রেনের একদম পেছনের দিকে অবস্থিত হওয়ায় কামরাটি এই যুগলকে দিয়েছে বাড়তি গোপনীয়তা—অন্য যাত্রীদের ভিড় বা চোখের আড়ালে নিশ্চিন্তে সময় কাটানোর সুযোগ।

নিজেদের ভ্রমণের কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও পোস্ট করেছেন কেটি পেরি। একটি ছবিতে ‘ফায়ারওয়ার্ক’ খ্যাত এই গায়িকাকে জানালার পাশে রাখা বাথটাবে আরাম করতে দেখা যায়, যেখান থেকে বাইরের দৃশ্য উপভোগ করা যায়।

সন্ধ্যার আয়োজনে দুজনকেই বেশ পরিপাটি রূপে দেখা গেছে—সাদা লিনেন বিছানো টেবিল ও কারুকার্যময় সোনালি ল্যাম্পের আলোয় ককটেল আর তাস খেলে সময় কাটিয়েছেন তারা। পেরির পরনে ছিল ‘ডি লা ভ্যালি’-র শ্যাম্পেন রঙের সিল্ক মিনিড্রেস, আর ট্রুডো বেছে নিয়েছিলেন সাদা টাক্সিডো।

বার্সেলোনা, মিলান, প্যারিস ও ভেনিস—এই চার শহর ঘুরে দেখার বৃহত্তর ইউরোপ সফরেরই অংশ ছিল এই ট্রেনযাত্রা। প্যারিসে অবস্থানকালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গেও দেখা হয় তাদের এবং একসঙ্গে একটি সেলফি তোলেন পেরি, যা সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলে।

উল্লেখ্য, ২০২৫ সালের জুলাইয়ে মন্ট্রিলে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই পেরি ও ট্রুডোর প্রেমের গুঞ্জন শুরু হয়। এরপর সম্পর্ক আরও প্রকাশ্যে আসে এবং ২০২৬ সালের জুনে ট্রাইবেকা ফেস্টিভ্যালে জুটি হিসেবে প্রথম রেড কার্পেটে হাঁটেন তারা।

ট্রুডো তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়েও খোলামেলা কথা বলেছেন পেরি। ২০২৬ সালের সেপ্টেম্বরে পিপল-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ট্রুডোকে নিজের ‘জীবনের ভালোবাসা’ বলে উল্লেখ করেন। ঠিক ওই মাসেই মুক্তি পায় পেরির কনসার্ট মুভি ‘কেটি পেরি: দ্য লাইফটাইমস ট্যুর – লাইভ ফ্রম প্যারিস’, যা গত বছর ফ্রান্সে দুই রাত ধরে ধারণ করা হয়েছিল। সাত বছর পর ২০২৫ সালের এপ্রিলে শুরু হওয়া তার বৈশ্বিক সফরের অংশ ছিল এটি।

মন্তব্য করুন