অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:

ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের পিএস আবু বকর সিদ্দিকসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাভার থানা পুলিশ অপারেশন ডেভিল হান্টের অভিযানে তাদের গ্রেপ্তার করেছে।

গত মঙ্গলবার রাতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তাররা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তারা বিভিন্ন মামলার আসামি বলে জানা গেছে।

সাভারের বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা এসব নেতাকর্মী হলেন: যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের পিএস আবু বকর সিদ্দিক, আওয়ামী লীগের কর্মী দেলোয়ার হোসেন, শাহাদাত হোসেন, সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা খানম শিল্পি, আওয়ামী লীগের কর্মী আনোয়ার হোসেন মাঝি, কৃষক লীগ নেতা সেলিম ভূঁইয়া, নাছির হোসেন, আমিনবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শওকত আলী, কাউন্দিয়া ইউনিয়ন যুবলীগ সহসভাপতি আব্দুর রাজ্জাক, রুহুল আমিন, তেঁতুলঝোড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি যুবরাজ ইসলাম মিলন, কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম এবং আখতারুজ্জামান কুটি মোল্লা।

এদের মধ্যে কুটি মোল্লা সাভার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের মামা। তাকে রাজধানীর মোহাম্মাদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের গত মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়, তবে কুটি মোল্লা থানা হাজতে রয়েছেন।