নিজস্ব প্রতিবেদক:
সংস্কার ছাড়া নির্বাচন আয়োজনে সমর্থন করবে না বলে জানিয়ে দিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই মন্তব্য করেছেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদসহ ছয়জনের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে সাংবাদিকদের গোলাম পরওয়ার বলেন, “স্পষ্ট করে বলতে চাই, নো ইলেকশন উইথাউট রিফর্ম” অর্থাৎ সংস্কার ছাড়া কোনো নির্বাচন আয়োজনের পক্ষে না ইসলামপন্থি এই রাজনৈতিক দলটি।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, তাহমিদা আহমদ ও আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন। জামায়াত সেক্রেটারি বলেন, “নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু করতে যতটুকু সংস্কার দরকার, তা করতে হবে।”
২০১৩ সালে নিবন্ধন বাতিলের পর নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতের এটি প্রথম বৈঠক। এর আগে দলটির প্রতিনিধিরা নিবন্ধন থাকা অবস্থায় বার্ষিক অডিট রিপোর্ট দিতে নির্বাচন কমিশনে গিয়েছিলেন। বৈঠকের আগে সাংবাদিকদের গোলাম পরওয়ার জানিয়েছিলেন, তারা নির্বাচন কমিশনে গিয়ে তাদের বক্তব্য জানাবেন এবং পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।











