গুলশানে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, বাড়ি ভাঙচুর

অনলাইন ডেস্ক:

রাজধানীর গুলশানে একটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত রোববার রাত ১০টার দিকে গুলশান-২ এর ৪১ নম্বর সড়কের ৭/১ বাড়িতে এই ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং বাড়ির মূল ফটক ভাঙার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গুলশান থানার অফিসার্স ইনচার্জ মো. মাহমুদুর রহমান জানান, বনানীর কড়াইল বস্তি থেকে একদল যুবকের সঙ্গে ওই বাড়ির লোকজনের দ্বন্দ্ব সৃষ্টি হয়। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বাড়ি ভাঙচুরের চেষ্টা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, বাড়িটিতে বিভিন্ন ধরনের অফিস রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার পর আর কোনো বিশৃঙ্খলা হয়নি। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

এদিকে, বাড়িটি খুলনা জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ড. মাহবুবুল ইসলামের। ঘটনার সময় তিনি খুলনায় অবস্থান করছিলেন এবং গুলশানের বাড়িটি ভাড়া দিয়েছেন। ড. মাহবুবুল জানান, তিনি এক বছর ধরে খুলনায় আছেন এবং রোববার রাতে খবর পান তার বাড়িতে হামলা হয়েছে। তবে তিনি জানেন না, কে বা কারা এই হামলা করেছে। ড. মাহবুবুল জানান, রাত ১০টার দিকে একদল লোক বাড়ির সামনে এসে ৬ নিরাপত্তাকর্মীকে মারধর করে বের করে দেয়। এর মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর। এরপর তারা মূল ফটকসহ বাড়ির কাচ ভাঙচুর শুরু করে। পরিস্থিতি খারাপ হতে থাকলে বাসার ব্যবস্থাপক পুলিশকে ফোন করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।