সিলেটে অপারেশন ডেভিল হান্ট: আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি :

সিলেটে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিভিন্ন স্থানে চালানো অভিযানে তাদের আটক করা হয়।

এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন জৈন্তাপুর কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ, সিলেট নগরীর বাগবাড়ির ছাত্রলীগ কর্মী মো. সোহাগ, জেলা ছাত্রলীগের সদস্য ইন্দ্রজিৎ বিশ্বাস, মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, খাদিমনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী বাদশাহ মিয়া এবং জকিগঞ্জের হাতিডহর গ্রামের বাসিন্দা জুয়েল আহমদ।

গ্রেপ্তারের পর তাদের মঙ্গলবার আদালতে হাজির করা হয় এবং সেখান থেকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপারেশন ডেভিল হান্ট এর আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।