নিজস্ব প্রতিবেদক :
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ ও মিয়ানমার সম্পর্কিত যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা, মাহফুজ আলমের বিতর্কিত ফেসবুক পোস্ট এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের পরিস্থিতি নিয়ে কথা বলেন।
এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, “সম্প্রতি ড. ইউনূসের একজন উপদেষ্টা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামসহ ভারতের কিছু অংশকে সংযুক্ত করে একটি বিতর্কিত ম্যাপ প্রকাশ করেছেন। এ ধরনের পোস্ট দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্র কি এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারে?”
এ প্রশ্নের জবাবে মিলার বলেন, “আমি এ ধরনের পোস্ট সম্পর্কে অবগত নই। আপনি যা বলেছেন, তার বাইরে আমি কিছু জানি না। সাধারণত, আমি যে বিষয়টি জানি না, সে বিষয়ে মন্তব্য করি না।”
এরপর, এক সাংবাদিক বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা প্রসঙ্গে প্রশ্ন করেন, যেখানে তিনি বলেন, “গণহত্যা মামলার প্রধান আসামি শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো মন্তব্য আছে কি?”
এ বিষয়ে মিলার কোনো মন্তব্য করেননি।
সাংবাদিক পরে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করেন, যার উত্তরে মিলার বলেন, “আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে এই বিষয়ে ধারাবাহিকভাবে কথা বলেছি। যুক্তরাষ্ট্র মনে করে, গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আইনের শাসন এবং সংবাদপত্রের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা বজায় রেখে পরিচালিত হওয়া উচিত।”
এছাড়া, আরেক সাংবাদিক বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন। তিনি জানতে চান, আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা সীমান্ত পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের অবস্থান কী? জবাবে মিলার বলেন, “আমরা এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং সংঘাত ও আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার ওপর এর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে সহায়তা দেওয়া আমাদের জন্য একটি অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণ এবং সরকার রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে উদারতা দেখিয়েছে, এবং আমরা বাংলাদেশের সঙ্গে সমন্বয় করে এই সংকটের সমাধানে কাজ চালিয়ে যাব।”











