নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতি মামলার আসামি আমিন আল পারভেজকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক পদে নিয়োগ দেওয়ার সরকারি পদক্ষেপকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সরকারের অভ্যন্তরে দুর্নীতির সুরক্ষা এবং দুদককে অকার্যকর করার প্রচেষ্টা রয়েছে কিনা, এমন প্রশ্ন তুলেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি। পরবর্তীতে, আমিন আল পারভেজের নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানানো হয় এবং দুদকের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ড. ইফতেখারুজ্জামান।
মামলার সূত্রে জানা যায়, আমিন আল পারভেজ ২০২০ সালে কক্সবাজারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ভবন নির্মাণ এবং ভূমি অধিগ্রহণ প্রকল্পে ২২ কোটি ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হন। তখন তিনি কক্সবাজার জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, আমিন আল পারভেজ ক্ষমতার অপব্যবহার এবং প্রতারণার মাধ্যমে অবৈধভাবে লাভবান হয়েছেন। তার নিয়োগের সরকারি পদক্ষেপকে অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করে ড. ইফতেখারুজ্জামান বলেন, “যেখানে দুদক সংস্কার কমিশন সুস্পষ্টভাবে সুপারিশ করেছে, সেখানে এই পদায়ন কেন? কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো?”
তিনি আরও বলেন, সরকারের এই পদক্ষেপ দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থানকে দুর্বল করে ফেলবে এবং দুদককে অকার্যকর করতে পারে। তিনি এমনকি মনে করেন, প্রশাসনের মধ্যে দুর্নীতির সুরক্ষা দেওয়ার জন্য ষড়যন্ত্রও থাকতে পারে।











