বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ জামায়াত আমীরের

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ ২১শে ফেব্রুয়ারি আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে এই আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ হিসেবে পালিত হয়। ১৯৫২ সালে এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য তরুণ, ছাত্র ও যুব সমাজ তদানীন্তন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল। সেই আন্দোলন দমন করতে রাষ্ট্রীয় বাহিনী মিছিলকারীদের উপর নির্বিচারে গুলি চালায়, যার ফলে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ অনেকেই প্রাণ হারান। ভাষা শহীদদের আত্মত্যাগের জন্য দেশের মানুষ তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করে। তিনি মহান আল্লাহর কাছে ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন।

বিবৃতিতে আরও বলেন, ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করেছে, যা ভাষা শহীদদের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতির প্রতীক। তিনি উল্লেখ করেন, বাংলা ভাষাকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করতে দেশের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করে বিজাতীয় শিক্ষা ও সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলা ভাষাকে রক্ষা করতে হবে। তাহলেই ভাষা আন্দোলনের শহীদদের স্বপ্ন সার্থক হবে।

ডা. শফিকুর রহমান বলেন, “দেশবাসী এমন এক সময় ভাষা দিবস পালন করতে যাচ্ছে যখন দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদ পেতে শুরু করেছে।”

তিনি আরও বলেন, বর্তমানে দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ভোটাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে প্রচেষ্টা চলছে। দেশের মানুষ জানমাল ও ইজ্জত-আব্রু বজায় রেখে চলাফেরা করতে পারছে, যদিও নাগরিকদের শতভাগ সুযোগ-সুবিধা নিশ্চিত করা এখনো সম্ভব হয়নি। এমতাবস্থায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নাগরিকদের ভোটাধিকারসহ সকল মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।