ডিসেম্বরে হবে জাতীয় নির্বাচন: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘায়িত করার বা নির্বাচন না দিয়ে ক্ষমতা ধরে রাখার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন। তিনি বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা আগামী ডিসেম্বরে নির্বাচন করার জন্য একটি সময়সীমা নির্ধারণ করেছেন। সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের রায় যার পক্ষে যাবে, তার কাছেই ক্ষমতা হস্তান্তর করা হবে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় ভালুকা উপজেলার দক্ষিণ ধীতপুর রাজশাহী পাড়া জামিয়া রহিমিয়া দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহফিলে সভাপতিত্ব করেন আলাউদ্দিন ফকির।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, আসন্ন রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে সরকার তৎপর রয়েছে। কোনো ব্যবসায়ী যদি কারসাজির মাধ্যমে বাজারে সিন্ডিকেট সৃষ্টি করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ সম্পর্কে ড. খালিদ হোসেন বলেন, এটি কোনো ‘কিংস পার্টি’ নয়। তারা যদি জনসমর্থন পায়, তাহলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের জন্য কাজ করবে। তিনি জানান, এই দলের একজন নেতা উপদেষ্টা ছিলেন, যিনি পদত্যাগ করে দলে যোগ দিয়েছেন।

ওয়াজ মাহফিলে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। তারা দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।