অনলাইন ডেস্ক:
বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি গোবিন্দ এবং তার স্ত্রী সুনীতা আহুজা সম্পর্কে সম্প্রতি বিচ্ছেদের গুঞ্জন চলছে। প্রায় ৩০ বছর ধরে সংসার করা এই দম্পতির সম্পর্ক নিয়ে শোনা যাচ্ছে, তারা কি তবে আলাদা হওয়ার পথে? এ বিষয়ে মুখ খুলেছেন সুনীতা।
গুঞ্জনের সূত্রপাত হয়, যখন শোনা যায় গোবিন্দের সঙ্গে এক তরুণ মারাঠি অভিনেত্রীর সম্পর্ক গড়ে উঠেছে। যদিও গোবিন্দ এই বিষয়ে কোনো মন্তব্য করেননি, তবে তার স্ত্রী সুনীতা বিভিন্ন সময়ে কিছু মন্তব্য করে পরিস্থিতি আরও জটিল করে তোলেন। একবার সাংবাদিকদের কাছে তিনি বলেন, “গোবিন্দ ভ্যালেন্টাইনের সঙ্গে রয়েছেন।” সুনীতার এই মন্তব্যের পরই নতুন করে আলোচনার ঝড় উঠে।
এছাড়া, শোনা যাচ্ছে যে সুনীতা প্রায় ছয় মাস আগে আইনি বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছিলেন এবং তিনি এমনও বলেছেন যে, আগামী সাত জন্মেও তিনি গোবিন্দকে স্বামী হিসেবে না চান। তবে সুনীতা প্রকাশ্যে এই বিষয়ে তেমন কিছু বলেননি।
এদিকে, তাদের আলাদা বসবাস নিয়েও প্রশ্ন উঠেছে। গোবিন্দ বর্তমানে তার ব্যক্তিগত বাংলোয় থাকছেন, আর সুনীতা অন্য একটি বাড়িতে বাস করছেন। এই বিষয়ে সুনীতা মুখ খুলেছেন। তিনি বলেন, “আমাদের মেয়ে বড় হয়েছে, আমি বাসায় আরামদায়ক পোশাক পরতে চাই, তবে গোবিন্দ এখন রাজনীতির সঙ্গে যুক্ত। তার অফিসের কর্মকর্তারা প্রায়ই আমাদের বাড়িতে আসেন। তাই নিজেদের গোপনীয়তা রক্ষার জন্য আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, “এই পৃথিবীতে এমন কেউ নেই যে আমাকে এবং গোবিন্দকে আলাদা করতে পারবে। যদি কেউ এমনটা ভেবে থাকে, তাহলে সামনে আসুন!”
গোবিন্দের পায়ে গুলি লাগার ঘটনাও বিতর্কের জন্ম দেয়। গত বছর অক্টোবর মাসে দুর্ঘটনাবশত গোবিন্দের পায়ে গুলি লাগে। এ নিয়ে বলিউডে নানা প্রতিক্রিয়া দেখা যায়, এবং অভিনেত্রী শিল্পা শেঠি মজার ছলে প্রশ্ন তুলেছিলেন, “সুনীতাই কি রাগের মাথায় গুলি করেছেন?” যদিও গোবিন্দ স্পষ্টভাবে জানান, ঘটনার সময় সুনীতা মন্দিরে পূজা দিচ্ছিলেন।
বলিউডে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, গোবিন্দ ও সুনীতার সম্পর্কের সত্যিই কোনো সমস্যা এসেছে, নাকি এটি নিছকই গুঞ্জন? সময়ই হয়তো এই প্রশ্নের উত্তর দেবে। তবে সুনীতার বক্তব্য থেকে মনে হচ্ছে, তারা একসঙ্গে থাকার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।










