হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৩ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, রবিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মির্জা ফখরুলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কিছুটা সুস্থ বোধ করছেন এবং চিকিৎসা নিচ্ছেন।

বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ধুলাবালির কারণে তিনি অসুস্থতা অনুভব করেন। পরে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসক ও মির্জা ফখরুলের পক্ষ থেকে হাসপাতালে অযথা ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে। তবে তিনি দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।