জেলা প্রতিনিধি :
চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করেছে প্রশাসন। মঙ্গলবার (৪ মার্চ) চট্টগ্রাম সার্কিট হাউজে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বিশেষ টাস্কফোর্স কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিদ্ধান্ত হয়, আমদানিকারকরা প্রতি লিটার খোলা তেল ১৫৩ টাকা, ট্রেডার্সে ১৫৫ টাকা এবং খুচরা বাজারে ১৬০ টাকায় বিক্রি করবে। এই দাম আজ (মঙ্গলবার) থেকে কার্যকর হয়ে আগামী ১০ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। যদি কোনো পর্যায়ে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করা হয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছে বিশেষ টাস্কফোর্স কমিটি।
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, টি কে গ্রুপের পরিচালক জাফর আহমেদ চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি এবং অন্যান্য ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়া, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন ও জেলা প্রশাসক ফরিদা খানম সোমবার (৩ মার্চ) খাতুনগঞ্জ পাইকারি বাজার পরিদর্শন করেন এবং সেখানে ভোজ্যতেলের সংকটের সত্যতা পেয়েছেন। পরিদর্শন শেষে তেলের উৎপাদনকারী, আমদানিকারক ও আড়তদার ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয়।
মেয়র বলেন, “বাংলাদেশের বাইরে যেসব মুসলিম রাষ্ট্রগুলো রমজানে পণ্য সস্তায় বিক্রি করে সওয়াবের উদ্দেশ্যে, সেখানে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে আমাদের দেশে পণ্যের দাম বাড়ে। এ কারণে, ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং নির্ধারিত দামের বাইরে বিক্রি করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “বাজারে ভোজ্যতেলের সংকট চলছে এবং তা কাটিয়ে ওঠার জন্য বিশেষ টাস্কফোর্স কমিটি কাজ করছে। কোনো ব্যবসায়ী নির্ধারিত দাম থেকে বেশি দামে তেল বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”










