মায়ের জন্মদিন পালন করে সমালোচনার শিকার হয়েছিলেন প্রিয়াঙ্কা, জানালেন মধু চোপড়া

অনলাইন ডেস্ক:

বলিউড এবং হলিউডের তারকা প্রিয়াঙ্কা চোপড়া তার অভিনয় প্রতিভা দিয়ে সিনেমাপ্রেমীদের মন জয় করেছেন। তবে তার ব্যক্তিগত জীবন নিয়েও অনেক আলোচনা-সমালোচনা হয়। এর মধ্যে একটি বিতর্কিত ঘটনা হলো, ২০১৩ সালে প্রিয়াঙ্কার বাবা অশোক চোপড়ার মৃত্যুর মাত্র ছয় দিন পর তার মা মধু চোপড়ার জন্মদিনের জন্য জমজমাট পার্টি আয়োজন করেছিলেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কার মা, মধু চোপড়া এই ঘটনা সম্পর্কে বলেন, “আমার জন্মদিন ছিল ১৬ জুন, এবং আমি ৬০ বছর পূর্ণ করার পর প্রিয়াঙ্কা আমার জন্য একটি বড় পার্টির আয়োজন করেছিল। আমার স্বামীর অসুস্থতার কারণে পুরো পরিবার সে সময় উপস্থিত ছিল। পরে তিনি মারা যান। সে সময়টা আমাদের জন্য খুবই কষ্টকর ছিল। তবে প্রিয়াঙ্কা সে বছর আমার জন্মদিন পালন করতে একেবারে অনড় ছিল। সে সব আত্মীয়দের পার্টিতে থাকতে বলেছিল, কারণ তার বাবা অশোক চোপড়াও এমনটাই চেয়েছিলেন।”

মধু চোপড়া আরও জানান, “অশোক চোপড়ার মৃত্যুর পরপরই পার্টি আয়োজন করায় প্রিয়াঙ্কাকে কিছু আত্মীয়-স্বজনের সমালোচনার মুখে পড়তে হয়েছিল।” তবে প্রিয়াঙ্কা তার মায়ের মুখে হাসি ফেরানোর জন্য এই কঠিন সিদ্ধান্তটি নিয়েছিলেন।

প্রিয়াঙ্কার বাবা অশোক চোপড়া ভারতীয় সেনাবাহিনীর একজন চিকিৎসক ছিলেন এবং ২০১৩ সালে ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা যান।