ব্রাহ্মণবাড়িয়ায় মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হওয়ার প্রায় ৯ ঘণ্টা পর গন্তব্যের দিকে ছেড়ে গেছে। দুর্ঘটনা কবলিত বগিটি রেখেই শনিবার (৯ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান।

এর আগে, শুক্রবার (৮ মার্চ) রাত ১১টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করার সময় মাঝামাঝি থাকা ‘ঝ’ বগির সামনে চারটি চাকা লাইন থেকে সরে যায়। এতে ট্রেনটি তীব্র ঝাঁকুনি খায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হন। ভুক্তভোগী যাত্রীরা জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশের সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বগিটি লাইনচ্যুত হয়। তারা আরও বলেন, ঈদ মৌসুমকে সামনে রেখে পুরনো ও দুর্বল বগির পরিবর্তে ভালো মানের বগি সংযুক্ত করা উচিত, তা না হলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

দুর্ঘটনার পর ট্রেন চলাচলে বড় ধরনের বিঘ্ন না ঘটলেও, যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধারের জন্য আখাউড়া লোকোসেডে জানানো হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।