অনলাইন ডেস্ক:
বিজ্ঞানীরা সম্প্রতি এক চাঞ্চল্যকর পর্যবেক্ষণ করেছেন, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিজেই নিজের প্রতিলিপি তৈরি করতে সক্ষম হয়েছে। চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি পরীক্ষায় দেখিয়েছেন যে, জনপ্রিয় দুটি বড় ভাষা মডেল তাদের নিজস্ব অনুরূপ সংস্করণ তৈরি করতে সক্ষম হয়েছে।
২০২৪ সালের ৯ ডিসেম্বর arxiv-তে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, মেটা ও আলিবাবার এআই মডেল স্বতন্ত্রভাবে নিজেদের প্রতিলিপি তৈরি করেছে। পরীক্ষায় মেটার লামা৩১-৭০বি-ইনস্ট্রাক্ট মডেল ৫০% ক্ষেত্রে সফল হয়েছে, আর আলিবাবার কুয়েন২.৫-৭২বি-ইনস্ট্রাক্ট মডেল ৯০% সফলতা দেখিয়েছে। তবে গবেষণাটি এখনো পিয়ার-রিভিউ হয়নি, তাই অন্যান্য গবেষকরা একই ফলাফল পুনরাবৃত্তি করতে পারবেন কি না, তা নিশ্চিত নয়।
গবেষণায় দুটি মূল বিষয় পরীক্ষা করা হয়— “শাটডাউন এভয়ডেন্স” এবং “চেইন অব রিপ্লিকেশন”। প্রথম পরীক্ষায় এআই মডেলকে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছিল, যাতে এটি বুঝতে পারে কখন বন্ধ করে দেওয়া হবে এবং তার আগেই নিজেকে অনুলিপি করতে পারে। দ্বিতীয় পরীক্ষায়, এআই মডেলকে নিজের প্রতিলিপি তৈরি করতে এবং সেই প্রতিলিপিকে একই কাজ করতে বলা হয়, যা একটি অনির্দিষ্ট চক্র তৈরি করে।
গবেষণাটি বাস্তব পরিবেশ অনুকরণ করে পরিচালিত হয়, যেখানে সাধারণ GPU-এর সহায়তায় পরীক্ষাগুলো করা হয়। এআই মডেলগুলোকে ‘এজেন্ট স্ক্যাফোল্ডিং’ সরবরাহ করা হয়েছিল, যা অপারেটিং সিস্টেমের সঙ্গে যোগাযোগ সহজ করে তোলে। পরীক্ষার সময় এআই কিছু অপ্রত্যাশিত আচরণও দেখিয়েছে। এটি বিভিন্ন সফটওয়্যার সংঘর্ষ দূর করতে অন্য প্রসেস বন্ধ করেছে, হার্ডওয়্যার সমস্যা সমাধানে সিস্টেম রিবুট করেছে এবং প্রয়োজনীয় তথ্য অনুসন্ধানে সিস্টেম স্ক্যান করেছে। গবেষকদের মতে, এই ফলাফল প্রমাণ করে যে, বর্তমান এআই সিস্টেমগুলোর আত্ম-প্রতিলিপি করার সক্ষমতা রয়েছে এবং এটি নিজেদের টিকিয়ে রাখতে সেই ক্ষমতা ব্যবহার করতে পারে।
এই গবেষণার ফলে বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, এআই যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে এটি ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারে। কিছু বিশেষজ্ঞ “রোগ এআই” বা স্বায়ত্তশাসিত এআই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন, যা মানব স্বার্থের বিরুদ্ধে কাজ করতে পারে। বর্তমানে “ফ্রন্টিয়ার এআই” গবেষণার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে, যা সর্বাধুনিক প্রজন্মের এআই প্রযুক্তিকে বোঝায়। যেমন OpenAI-এর GPT-4 এবং Google Gemini মডেল। গবেষকরা সতর্ক করেছেন যে, মেটা ও আলিবাবার মডেলগুলো বাণিজ্যিকভাবে সবচেয়ে শক্তিশালী না হলেও, এগুলো এআই উন্নয়নে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
এই উদ্বেগের কারণে গবেষকরা আন্তর্জাতিক সহযোগিতা ও নিয়ন্ত্রণমূলক সুরক্ষা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে এআই অনিয়ন্ত্রিতভাবে আত্ম-প্রতিলিপি না করতে পারে। এই গবেষণার ফলাফল এখনো অন্য গবেষকরা পুনরায় পরীক্ষা করেননি, তবে এটি প্রযুক্তি বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের গবেষণা ভবিষ্যতে এআই নিয়ন্ত্রণের জন্য নীতিমালা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











