অনলাইন ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি আগস্টের শেষের দিকে চীন সফর করবেন। গতকাল মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে আলোচনার সময় দেশটির নিরাপত্তা প্রধান অজিত ডোভাল এ তথ্য জানান। খবর এএফপির। খবরে বলা হয়, আগামী ৩১ আগস্ট তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার (সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন-এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন নরেন্দ্র মোদি। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠকের শুরুতে অজিত ডোভাল বলেন, ৩১ আগস্ট তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন মোদি। ২০১৮ সালের পর এটি হতে যাচ্ছে ভারতের কোনো প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর। একে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ‘নতুন শক্তি’ বলে উল্লেখ করেন অজিত ডোভাল। ওয়াং ই বলেন, এসসিও শীর্ষ সম্মেলনে অংশগ্রহণে মোদির সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আরও বলেন, ‘ইতিহাস ও বাস্তবতা আবারও প্রমাণ করে, একটি সুস্থ ও স্থিতিশীল চীন-ভারত সম্পর্ক আমাদের উভয় দেশের মৌলিক ও দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য কাজ করে।’ গতকাল মঙ্গলবার ওয়াং ই ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে।
বিশ্বের সবচেয়ে জনবহুল এই দেশ দুটি দক্ষিণ এশিয়াজুড়ে প্রভাব বিস্তারের ক্ষেত্রে তীব্র প্রতিদ্বন্দ্বী। ২০২০ সালে তারা একটি মারাত্মক সীমান্ত সংঘর্ষে লিপ্ত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে কোয়াড নিরাপত্তা জোটেরও অংশ ভারত। এই জোটকে চীনের প্রতিপক্ষ হিসেবে দেখা হয়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক বাণিজ্য ও ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে আটকে ভারত ও চীন সম্পর্ক পুনরুদ্ধারের দিকে এগিয়ে গেছে। গত সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনার সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ‘দেশ দুটির পরস্পরকে হুমকির পরিবর্তে অংশীদার ও সুযোগ হিসেবে দেখা উচিত।’











