অনলাইন ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী জয়া আহসান ও রুনা খানের ফটোশুট ঘিরে প্রায়ই আলোচনা-সমালোচনা দেখা যায়। সম্প্রতি সেই আলোচনায় নতুন করে যুক্ত হয়েছে অভিনেত্রী ফারজানা চুমকির একটি মন্তব্য, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিতর্কের সৃষ্টি করেছে।
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে অতিথি হয়ে সহকর্মী শিল্পীদের ফটোশুট ও পোশাক প্রসঙ্গে খোলামেলা মন্তব্য করেন ফারজানা চুমকি। তবে তার বক্তব্যের কিছু অংশ বিকৃতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত ফেসবুকে কড়া ভাষায় প্রতিবাদ জানান অভিনেত্রী।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের শারীরিক পরিবর্তন ও ফটোশুট না করার প্রসঙ্গ টানতে গিয়ে চুমকি অভিনেত্রী রুনা খানের উদাহরণ দেন। তিনি বলেন, রুনা খান ছিলেন অত্যন্ত ডেডিকেটেড। তার লক্ষ্য ছিল ওজন কমানো, নিজেকে ফিট রাখা এবং নিয়মিত ফটোশুট করা। নিজের ক্ষেত্রে সে ধরনের প্রচেষ্টা ছিল না বলেও উল্লেখ করেন তিনি।
রুনা খানকে নিয়ে চুমকি আরও বলেন, তার প্রতি কোনো ঈর্ষা নেই। তবে কিছু ছবি দেখে মনে হয়েছে, সেগুলো না করলেও পারতেন। একই সঙ্গে তিনি জানান, রুনা খানের অভিনয়ের তিনি একজন বড় ভক্ত।
অন্যদিকে জয়া আহসান প্রসঙ্গে চুমকি বলেন, জয়ার অনেক ছবি তার কাছে দারুণ মনে হয়, আবার কিছু ছবি ভালো লাগে না। সাধারণত শালীন একটি ইমেজে জয়া আহসানকে দেখতেই সবাই অভ্যস্ত। ফলে হঠাৎ ভিন্নধর্মী কিছু ছবি দর্শকের কাছে কিছুটা ধাক্কা হিসেবে আসে বলে মন্তব্য করেন তিনি।
বিষয়টি নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়লে ফেসবুকে দেওয়া এক পোস্টে ফারজানা চুমকি লিখেন, ‘আমি কাউকে নিয়ে এভাবে কথা বলিনি। জয়া আপা আমার খুব প্রিয় একজন অভিনেত্রী। রুনা আমার ছোট বোনের মতো, ওর অভিনয়ের আমি ভক্ত। কাউকে ছোট করে বলার প্রশ্নই আসে না। আমার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে—এর তীব্র প্রতিবাদ জানাই।’











