অনলাইন ডেস্ক:
ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা উপত্যকায় অনাহারে একের পর এক প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনিরা। গত ২৪ ঘণ্টায় অঞ্চলটিতে আরও ৭ জন প্রাণ হারিয়েছেন। অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ৯৩ জন শিশুসহ অনাহারে মৃতের সংখ্যা ১৬৯ জনে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে, অঞ্চলজুড়ে ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা ৬০ হাজার ৪৩০ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ১ লাখ ৪৮ হাজারেও বেশি মানুষ আহত হয়েছে। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল ২০২৩ সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে।
অবিরাম বোমাবর্ষণে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি ভঙ্গের পর ২৭ মে থেকে ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন-এর মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করেছে। এতে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপ বিশ্বব্যাপী ত্রাণ সম্প্রদায় ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে যাচ্ছে। এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।











