বিএনপির প্রার্থী তালিকায় রুমিন ফারহানার নাম না থাকার কারণ জানাল দলীয় সূত্র

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে আলোচিত নেত্রী ও আইনজীবী রুমিন ফারহানার নাম না থাকায় রাজনৈতিক মহলসহ সাধারণ জনগণের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।

দলীয় সূত্র জানায়, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু আসনটি এখনও বিএনপি চূড়ান্তভাবে কারও কাছে বরাদ্দ দেয়নি। ফলে তার নাম প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।

মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আমরা গণতান্ত্রিক নির্বাচনের পথে এগোচ্ছি। প্রায় ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করছি। যেসব আসনে যুগপৎ আন্দোলনের শরিকরা প্রার্থী দিতে চান, সেগুলো সমন্বয়ের ভিত্তিতে ঠিক করা হবে।”

এদিনের তালিকা অনুমোদনের আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে প্রার্থীদের প্রাথমিক নাম চূড়ান্ত করা হয়।