মাথা নিচু করে ট্রাইব্যুনালে মামুন

নিজস্ব প্রতিবেদক:

অভ্যুত্থান–কেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে সোমবার সকালে কড়া নিরাপত্তায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। সকাল ৯টা ১০ মিনিটের পর প্রিজনভ্যানে করে তাকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে হাজির করা হয়। এ সময় মাথা নিচু করে আদালত ভবনে প্রবেশ করতে দেখা যায় তাকে। আজই মামুনকে শেষবারের মতো ট্রাইব্যুনালে আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই মামলায় পলাতক রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাদের অনুপস্থিতিতেই আজ রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বেলা ১১টার পর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বিচারিক প্যানেল রায় পড়া শুরু করবেন। প্যানেলের অন্য দুই বিচারক হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বছরখানেক ধরে কারাগারে থাকা সাবেক আইজিপি মামুন বিচার প্রক্রিয়ার একপর্যায়ে দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন। ফলে তার শাস্তির প্রশ্নটি এখন সম্পূর্ণভাবে ট্রাইব্যুনালের বিবেচনার ওপরই নির্ভর করছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া এ মামলার রায়কে কেন্দ্র করে সকালে ট্রাইব্যুনাল ও আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা বলয় লক্ষ্য করা গেছে।