নিজস্ব প্রতিবেদক:
আগামী বৃহস্পতিবার আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে উত্তেজনার মধ্যেই সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সকাল থেকে রাত পর্যন্ত অন্তত আট স্থানে ককটেল বিস্ফোরণ এবং তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। যদিও এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে নগরজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, সকালে মোহাম্মদপুরের প্রবর্তনা অফিসের সামনে দুজন মোটরসাইকেল আরোহী ককটেল নিক্ষেপ করে। একই সময়ে ধানমন্ডি ২৭ নম্বর ও ইবনে সিনা হাসপাতালের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটে। এর আগে ভোরে মিরপুরে গ্রামীণ ব্যাংক ভবনের সামনে এবং সন্ধ্যায় মৌচাক, মিরপুর ১০, খিলগাঁও ও শেরেবাংলা নগরে একাধিক বিস্ফোরণ ঘটে।
সকালে আধাঘণ্টার ব্যবধানে বাড্ডা, শাহজাদপুর ও সন্ধ্যায় ধানমন্ডিতে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “বিশেষ কোনো দিন বা উদ্দেশ্যকে কেন্দ্র করে এই অপতৎপরতা চালানো হচ্ছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।” তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, ঘটনাগুলো আপাতত বিচ্ছিন্ন বলেই মনে হচ্ছে।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
অন্যদিকে, রাজধানীর বিচার বিভাগীয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ। আগামী বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ বিচারিক রায় ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এই নির্দেশনা দেওয়া হয়।











