ললিউডে ইতিহাস গড়লেন হানিয়া আমির

অনলাইন ডেস্ক:

বলিউড, হলিউড কিংবা ললিউড—বিনোদনের প্রতিটি ইন্ডাস্ট্রিতেই একসময় পর্যন্ত পুরুষ তারকারাই ছিলেন কেন্দ্রবিন্দুতে। তবে সময় বদলেছে, পরিবর্তনের হাওয়া লেগেছে ললিউডেও। সেই পরিবর্তনের নেতৃত্বে রয়েছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির।

সম্প্রতি তার অভিনীত চারটি নাটক—মেরে হাম সাফার, কাভি ম্যায় কাভি তুম, ইশকিয়া ও মুঝে পেয়ার হুয়া থা—একসঙ্গে মিলিয়ে অতিক্রম করেছে ১ বিলিয়ন (১০০ কোটি) ভিউয়ের মাইলফলক। এই সাফল্য শুধু বিরলই নয়, বরং তা ললিউডের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

এখন পর্যন্ত এত বড় ভিউসংখ্যা কেবল দানিশ তৈমুর ও ওয়াহাজ আলির মতো শীর্ষ পুরুষ তারকারাই অর্জন করতে পেরেছিলেন। দানিশ তৈমুরের জনপ্রিয় নাটক ক্যায়সি তেরি খুদগর্জি, জান নিসার, মন মাস্ত মালাং ও দিওয়াঙ্গি, আর ওয়াহাজ আলির তেরে বিন, ফিতুর, মুঝে পেয়ার হুয়া থা, এহদ-ই-ওয়াফা নাটকগুলোই রয়েছে ১০০ কোটির ক্লাবে।

তবে হানিয়ার অর্জনের বিশেষত্ব এখানে যে, এটি শুধু তার একক সাফল্য নয়। বরং নারীপ্রধান গল্প ও চরিত্রও যে দর্শকদের হৃদয়ে শক্ত অবস্থান গড়ে নিচ্ছে, সেটাই যেন আরও একবার প্রমাণিত হলো এই মাইলফলকের মধ্য দিয়ে।