শেখ হাসিনার রায়ে সন্তুষ্ট: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক:

সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল সোমবার বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানিয়েছেন, “শেখ হাসিনার বিচারের রায়ে আমি সন্তুষ্ট, তবে বিস্মিত নই। তাকে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে আবার চিঠি দেওয়া হবে।”

চিঠি প্রসঙ্গে অধ্যাপক বলেন, “ভারত যদি গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে এটি বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে শত্রুতা হিসেবে বিবেচিত হবে।”

তিনি আরও বলেন, “আজ বিশেষ করে গণঅভ্যুত্থানে প্রাণ হারানো আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম ও আনাসসহ অন্যান্যদের কথা মনে পড়ছে। তাদের বিদেহী আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। শোকসন্তপ্ত পরিবাররা হয়তো এ রায়ের মাধ্যমে সামান্য হলেও সান্ত্বনা পাবেন। ব্যক্তিগতভাবে আমি এই রায়ে সন্তুষ্ট।”

অধ্যাপক ড. আসিফ নজরুল উল্লেখ করেন, “শেখ হাসিনা ও তার সহযোগীদের মানবতাবিরোধী অপরাধের তাজা, অকাট্য প্রমাণের আলোকে বিশ্বের যে কোনো আদালতে বিচার হলেই সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা। আজ একটি বিচার সম্পন্ন হয়েছে, ইনশাল্লাহ আমরা যতদিন আছি, বিচার কার্যক্রম পূর্ণ বেগে চলবে।”