সনাতন সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার সাপাহার উপজেলা বিএনপির

কামরুল ইসলাম, নওগাঁ (সাপাহার):

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সাপাহার উপজেলা বিএনপি এক মতবিনিময় সভার আয়োজন করে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় সাপাহার জেলা পরিষদ ডাকবাংলোয় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনু এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন রিফাত।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আনছারী, সাংগঠনিক সম্পাদক-২ মোঃ শফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ জিল্লুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম মাস্টার, মোহাম্মদ তরিকুল ইসলাম (সাবেক চেয়ারম্যান, পাতাড়ি ইউনিয়ন), দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আক্কাস আলী, সদস্য সচিব হাসান আলী এবং কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম।

বক্তারা বলেন, দুর্গাপূজা সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, যা বাংলাদেশে সব ধর্মের মানুষের অংশগ্রহণে উদযাপিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ইউনিয়ন, ওয়ার্ড ও থানা পর্যায়ে দলের স্বেচ্ছাসেবকরা স্থানীয় পূজা উদযাপন পরিষদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে এবং একটি মনিটরিং টিম গঠন করা হবে।

সভায় আরও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচনে ছাত্রদলের পক্ষে সাপাহারের শিক্ষার্থীদের সমর্থন কামনার আহ্বান জানানো হয়।

সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু বলেন, “সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরকার ও অপশক্তি সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপি সব ধর্মের মানুষের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর।”

সভায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।