হাসিনা ও রেহানাসহ ৫৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন সোনালী ব্যাংকের ৯ কর্মকর্তা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পূর্বাচলে সরকারি প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়েরকৃত দুর্নীতি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং পরিবারের অন্যান্য সদস্যসহ ৫৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন সোনালী ব্যাংক পিএলসি’র ৯ জন কর্মকর্তা।

সোমবার (৬ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে পৃথক তিনটি মামলায় এই সাক্ষ্য দেন ব্যাংকের গণভবন শাখার তিনজন কর্মকর্তা—

সিনিয়র প্রিন্সিপাল অফিসার গৌতম কুমার সিকদার

প্রিন্সিপাল অফিসার শরিফুল ইসলাম

সিনিয়র অফিসার (ক্যাশ) রিয়াদ মাহমুদ

প্রত্যেকে পৃথক মামলায় আলাদাভাবে সাক্ষ্য দেন। এর ফলে মোট তিনটি মামলায় সাক্ষীর সংখ্যা দাঁড়াল ৯ জনে।

দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম বাসস-কে জানান, আদালত আগামী ১৬ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

২০২৫ সালের ১৩ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা জমি বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পৃথক তিনটি মামলা করে।

তিনটি মামলাতেই প্রধান অভিযুক্ত শেখ হাসিনাসহ শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক।

মামলার সারসংক্ষেপ:

মামলা ১: শেখ রেহানার বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিনের মামলা, ১৫ জন আসামি

মামলা ২: আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার মামলা, চার্জশিটে ১৮ জন

মামলা ৩: রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসানের মামলা, চার্জশিটে ১৮ জন

তিনটি মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ১০ মার্চ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়।

গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪ তিনটি মামলাতেই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।