নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
এর আগে, সকাল ৯টা ৫৮ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট ‘ইএ ২০২’ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সিলেটে প্রায় এক ঘণ্টার ‘গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড’ ও যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ১৩ মিনিটে বিমানটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।
দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশের মাটিতে ফেরার এই মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির এই শীর্ষ নেতা। বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে।’
বিমানবন্দর এলাকায় তাকে স্বাগত জানাতে সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিমানবন্দর ও এর আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।











