অনলাইন ডেস্ক:
বলিউডে নারী চরিত্রের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে—এমনটাই মনে করেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। সম্প্রতি ফিল্মফেয়ার সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সি এই তারকা বলেছেন, “আগে বলিউডে ৩০ বছর পার করা অভিনেত্রীদের সাধারণত ‘সাইড চরিত্রে’ সীমাবদ্ধ করে দেওয়া হতো। কিন্তু এখন লেখক–পরিচালকেরা তাদের জন্য জটিল, গভীর ও আকর্ষণীয় চরিত্র লিখছেন। এই পরিবর্তন আমি খুব ইতিবাচকভাবে দেখি।”
নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ ২’–এ সুজয় ঘোষ পরিচালিত চলচ্চিত্রে অভিনয়ের পর যেন নতুনভাবে আবিষ্কৃত হয়েছেন তামান্না। গত বছর ‘স্ত্রী ২’ সিনেমার ‘আজ কি রাত’ গানে তাঁর পারফরম্যান্সও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।
তামান্না বলেন, “আমি ভেবেছিলাম—৩০ পেরোলেই কাজ ছেড়ে বিয়ে করব। কারণ, তখন পরিণত বয়সের নারীদের জন্য চরিত্র লেখা হতো না। কিন্তু ২৭-২৮ বছর বয়সে এসে আমি নিজেকে সত্যিকারের চিনেছি। ঠিক তখনই ইন্ডাস্ট্রিতে শুরু হলো আমাদের বয়সী নারীদের জন্য দারুণ চরিত্র লেখা।”
তিনি আরও যোগ করেন, “বয়স নিয়ে ভয়টা কেন—এটা আজও বুঝি না! বয়স যেন কোনো রোগ! অথচ বয়স বাড়া তো এক অসাধারণ ব্যাপার। অভিজ্ঞতা ও পরিপক্বতা বয়সের সঙ্গে আসে, এটা গর্বের বিষয় হওয়া উচিত।”
আগামী দিনে তামান্নাকে দেখা যাবে ‘ও রোমি’, ‘ভ্যান—ফোর্স অব দ্য ফরেস্ট’ এবং ‘নো এন্ট্রি ২’–এর মতো সিনেমায়।











