অনলাইন ডেস্ক:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অগ্রণী ব্যাংকের ছেংগারচর বাজার শাখার ক্যাশ অফিসার দীপঙ্কর ঘোষ ৭৫ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। মামলার তদন্তে এ ঘটনা প্রমাণিত হওয়ায় গত সোমবার দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেন বাদী হয়ে দুদকের জেলা কার্যালয়ে এই মামলা করেন।
এ বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপক মো. ইউসুফ মিয়া অভিযোগ করেন, ২৯ আগস্ট দীপঙ্কর ঘোষ ব্যাংকে না আসলে তার মোবাইল নম্বরে কল করা হয়। তিনি জানান, তার বাবা অসুস্থ, তবে পরে দীর্ঘ সময়েও ব্যাংকে উপস্থিত না হলে ব্যাংকের কার্যক্রমে সমস্যা তৈরি হয়। এরপর, ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং ১ সেপ্টেম্বর অভিযোগ দাখিল করা হয়।
এরপর, ব্যাংকের ভল্ট খোলার জন্য মিস্ত্রি দিয়ে গ্রিল কেটে এবং চাঁদপুরের প্রধান শাখায় রক্ষিত বিকল্প চাবি দিয়ে ভল্ট খোলা হয়। গণনা করে পাওয়া যায় ২৭ লাখ ৭৯ হাজার ৬৮ টাকা ৭১ পয়সা, কিন্তু ব্যাংকের ক্যাশ পজিশন অনুযায়ী ৭৫ লাখ ২০ হাজার টাকা কম পাওয়া যায়।
মামলায় আরো উল্লেখ করা হয়, দীপঙ্কর ঘোষ দীর্ঘদিন ধরে কাঁধে একটি ব্যাগ নিয়ে আসা-যাওয়া করতেন এবং ব্যাংকের ভল্টের চাবি তার কাছে ছিল। এসব কর্মকাণ্ডে ধারণা করা হচ্ছে, তিনি নিজে অথবা তার সহযোগীরা ব্যাংকের টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছেন।
এ বিষয়ে দুদক তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং পালাতক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপরতা চালানো হচ্ছে।











