নিজস্ব প্রতিবেদক:
সারা দেশে বেপরোয়া ও ফিটনেসবিহীন ব্যাটারিচালিত অটোরিকশা বা ইজিবাইক চলাচলে শৃঙ্খলা আনতে আসছে ‘বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রণয়ন করেছে খসড়া নীতিমালা, যা চূড়ান্ত হলে এই খাতে আনবে বড় পরিবর্তন।
নীতিমালা অনুযায়ী, ব্যাটারিচালিত থ্রি-হুইলার বা ইজিবাইক চালাতে হলে বিআরটিএর নিবন্ধন ও বৈধ ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক হবে। ফিটনেস সনদ, কর টোকেন ও নির্ধারিত মডেল ব্যতীত কোনো যান চলবে না। যানবাহনের সংখ্যা নির্ধারণ করবে স্থানীয় যাত্রী ও পণ্য পরিবহন কমিটি।
একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি মধ্যম গতির এবং পাঁচটি ধীরগতির অটোরিকশার মালিক হতে পারবেন। মধ্যম গতির অটোরিকশার সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার এবং ধীরগতিরটির জন্য ৩০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে।
এই যানগুলো মহাসড়কে চলতে পারবে না; চলবে শুধু নির্ধারিত সেবা লেন বা স্থানীয় সড়কে। ভাড়া নির্ধারণ করবে বিআরটিএ, এবং এক বছরের মধ্যে সব অননুমোদিত যানকে নিরাপদ মডেলে রূপান্তর করতে হবে। অন্যথায়, নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।
নীতিমালায় আরও বলা হয়েছে, এসব যান তৈরিতে ব্যবহৃত মোটর, কন্ট্রোলার, ব্যাটারি, ব্রেকসহ যাবতীয় যন্ত্রাংশের জন্য থাকতে হবে বিএসটিআইয়ের অনুমোদন। যানবাহন বিক্রির আগে ডিলারদের বাধ্যতামূলকভাবে নিবন্ধনের কাজ সম্পন্ন করতে হবে।
সচিব এহসানুল হক জানান, বাস্তবতার নিরিখে নীতিমালাটি প্রণয়ন করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে অটোরিকশা খাতে বিদ্যমান বিশৃঙ্খলা অনেকটাই কমে আসবে।
বর্তমানে সারা দেশে প্রায় ৬০ লাখের বেশি ব্যাটারিচালিত অটোরিকশা রয়েছে, যার মধ্যে ঢাকায় ১০–১২ লাখ। এত যানবাহনের নিয়ন্ত্রণহীন চলাচল সড়কে দুর্ঘটনা, যানজট ও বিদ্যুতের অপচয়ের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।











