নিজস্ব প্রতিবেদক:
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এ কিছু ধারা অপপ্রয়োগের আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
রবিবার (১ জুন) সচিবালয়ে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে কর্মচারীরা অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়ে উপদেষ্টার হাতে একটি স্মারকলিপি তুলে দেন এবং অধ্যাদেশের বিভিন্ন বিতর্কিত ধারার বিষয়ে যুক্তিসহ তাদের আপত্তি তুলে ধরেন।
উপদেষ্টা ফাওজুল কবির বলেন, “অধ্যাদেশে কিছু প্রভিশন আছে, যেগুলোর অপপ্রয়োগ হওয়ার শঙ্কা আছে। বিষয়টি আমি উপদেষ্টা পরিষদে আলোচনা করব।”
তিনি আরও বলেন, “আপনাদের দাবি হলো অধ্যাদেশ বাতিল। এটি একটি দৃঢ় অবস্থান। তবে বিকল্পভাবে এটিও ভাবা যেতে পারে—কিছু নিরাপত্তা সংযোজন করে অধ্যাদেশটি গ্রহণযোগ্য করা সম্ভব কি না।”
তিনি কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, “অফিসের কাজের পরিবেশ যাতে বিঘ্নিত না হয়, সে দিকেও নজর দেওয়া দরকার।”
বৈঠকে উপস্থিত ছিলেন কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, কো-মহাসচিব মো. নজরুল ইসলামসহ অন্যান্য নেতা ও সদস্যরা।










