নিজস্ব প্রতিবেদক:
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর আসতে শুরু করেছে কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফল। এখন পর্যন্ত প্রাপ্ত ৭৫টি কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমিন বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।
নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সূত্রে পাওয়া ৭৫ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমিন পেয়েছেন ৯০ হাজার ৯৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ১৬২ ভোট।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যার পর জেলা শিল্পকলা একাডেমির হলরুমে বেসরকারিভাবে এই কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম। এর আগে সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং কোনো বিরতি ছাড়াই বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এই সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। এবারের উপনির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা হলেন বিএনপির ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমিন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকে মো. আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।










