অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে আবারো কর্মচারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। রোববার (১ জুন) বেলা ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় শুরু হয় এই বিক্ষোভ মিছিল।

সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, বিক্ষোভ শেষে তিন উপদেষ্টা—আলী ইমাম মজুমদার, মুহাম্মদ ফাওজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

বিক্ষোভকারীরা “অবৈধ কালো আইন, বাতিল করতে হবে”, “কর্মচারী মানে না, কালো আইন”সহ নানা স্লোগানে সচিবালয় প্রাঙ্গণ মুখর করে তোলে।

গত ২৫ মে জারি হওয়া ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এ বলা হয়েছে, চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই কেবল কারণ দর্শানোর নোটিশ দিয়ে একজন সরকারি কর্মচারীকে চাকরিচ্যুত করা যাবে। এই বিধানকেই “নিবর্তনমূলক” এবং “অবৈধ কালো আইন” হিসেবে অভিহিত করছেন আন্দোলনকারী কর্মচারীরা।

এর আগে গত ২২ মে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটির খসড়া অনুমোদনের পর ২৪ মে থেকেই সচিবালয়সহ সারাদেশে কর্মচারীরা আন্দোলন শুরু করেন। গত সপ্তাহে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ ও কয়েকজন সচিবের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হয়।

সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশে ফিরলে তার কাছে কর্মচারীদের দাবি তুলে ধরা হবে, এবং তার সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই সরকার পরবর্তী পদক্ষেপ নেবে।

এরপর গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সচিবালয়সহ সারাদেশে কর্মবিরতি পালন করেন সরকারি কর্মচারীরা।