অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণেই বলিউড থেকে দূরে নার্গিস ফাখরি

অনলাইন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নার্গিস ফাখরি সম্প্রতি তার ক্যারিয়ার এবং বলিউড থেকে দূরে সরে আসার কারণ নিয়ে মুখ খুলেছেন। এক সময় ‘রকস্টার’ এবং ‘ম্যাড্রাস কাফে’-র মতো ছবির মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী বর্তমানে বলিউড থেকে অনেকটাই বিচ্ছিন্ন। তার হঠাৎ করে বলিউড ত্যাগ করা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল ও জল্পনা-কল্পনা দীর্ঘদিন ধরেই ছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নার্গিস বলেন, বলিউডে কাজের ধরন তাকে এক সময় ক্লান্ত করে তুলেছিল। বিশেষ করে পুরুষদের অহংকার এবং কাজের পরিবেশ তাকে হতাশ করেছিল। তিনি বলেন, “একটা খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়েছিলাম, যা আমাকে বলিউড থেকে দূরে সরিয়ে দেয়। তবে সেই প্রসঙ্গে বিস্তারিত কিছু বলতে চাই না। এটা সবার ক্ষেত্রে ঘটে না। বলিউডে অসাধারণ কিছু মানুষের সঙ্গে কাজ করেছি, যা আজীবন মনে থাকবে।”

আইটেম গান এবং শুটিং পদ্ধতি নিয়ে নিজের অসন্তোষের কথাও প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তিনি জানান, “পাশ্চাত্য নাচে দক্ষ হওয়া সত্ত্বেও আমাকে শুটিংয়ের আধা ঘণ্টা আগে নাচ শিখে লিপ দিতে বলা হতো, যা আমার কাছে দারুণ অস্বস্তিকর ছিল। এছাড়া সেটে এমন অনেক কিছু ঘটতো যা বলিউডের সংস্কৃতির অংশ হলেও পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না।”

নার্গিস ফাখরির এই মন্তব্য বলিউডে কাজের পরিবেশ এবং সংস্কৃতি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। তবে তিনি বলিউডের প্রতি পুরোপুরি বিরূপ নন। তার অভিজ্ঞতা যেমন তাকে হতাশ করেছে, তেমনি কিছু মানুষ এবং মুহূর্ত তাকে স্মৃতিময় করেছে বলে জানান তিনি।