অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে বাংলাদেশের ভূয়সী প্রশংসা বিশ্বব্যাংকের

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং আর্থিক খাত সংস্কারে আন্তরিক সমর্থন জানিয়েছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের সদ্য নিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট। গতকাল রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাতে জুট অধ্যাপক ইউনূসের নেতৃত্বে গৃহীত আর্থিক খাতের সংস্কারমূলক পদক্ষেপের প্রশংসা করে বলেন, “আপনি এবং আপনার দুর্দান্ত টিম চমৎকার কাজ করছে, তার জন্য ধন্যবাদ জানাই।” তিনি জানান, বিশ্বব্যাংক বাংলাদেশের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা ভাগ করে নিতে প্রস্তুত।

জুট আরও বলেন, “বাংলাদেশের সঙ্গে যুক্ত প্রত্যেকের জন্য এটি এক আবেগময় সময়, বিশেষ করে গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শিক্ষার্থীদের স্মরণে।”

প্রধান উপদেষ্টা ইউনূস বিশ্বব্যাংকের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, তখন দেশ যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। উন্নয়ন সহযোগীদের পাশে পাওয়াই আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে।”

তিনি জুলাই আন্দোলনে তরুণদের ভূমিকার কথা স্মরণ করে বলেন, “তরুণরাই আমাদের ভবিষ্যৎ, তাদের নেতৃত্বেই নতুন বাংলাদেশ গড়ে উঠছে। মেয়েরা ও নারীরা অসামান্য সাহসিকতার পরিচয় দিয়েছে, তাই আজ আমরা জুলাই নারী দিবস পালন করছি।”

অধ্যাপক ইউনূস বিশ্বব্যাংককে আহ্বান জানান, যেন বাংলাদেশকে বৃহত্তর অর্থনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করা হয়, শুধুমাত্র ভৌগোলিক সীমানা হিসেবে নয়। “বাংলাদেশ সমৃদ্ধ হলে গোটা দক্ষিণ এশিয়া উপকৃত হবে,” বলেন তিনি।

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নারী শিক্ষা ও ক্ষমতায়নে ইউনূসের অবদানের প্রশংসা করে বলেন, “বিশ্বব্যাংকের সহায়তায় চালু হওয়া মেয়েদের শিক্ষাবৃত্তি প্রকল্প এখন অনেক দেশেই অনুসরণীয়।”

জোহানেস জুট আরও জানান, বিশ্বব্যাংক গত অর্থবছরে বাংলাদেশে ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থায়ন করেছে এবং আগামী তিন বছরেও এ ধারা অব্যাহত থাকবে। তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিশ্বব্যাংক সক্রিয় ভূমিকা পালন করবে বলেও আশ্বাস দেন তিনি।

সাক্ষাতে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর জ্যাঁ পেসমে এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী উপস্থিত ছিলেন।

লুৎফে সিদ্দিকী জানান, চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) নতুন পরিচালন ব্যবস্থার ফলে কনটেইনার হ্যান্ডলিং উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি জানান, চলতি বছরের প্রথম প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগেও বড় আকারের প্রবৃদ্ধি দেখা গেছে।