অনলাইন ডেস্ক:
বাংলাদেশি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তাঁর প্রথম কলকাতার সিনেমা ‘চালচিত্র’ দিয়ে আলোচনায় এসেছেন। গেল ২০ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পেলেও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে অপূর্বর অভিনয় দর্শক ও সমালোচকদের নজর কেড়েছে।
সিনেমার পরিচালক প্রতিম ডি গুপ্ত জানান, অপূর্বর মধ্যে অভিনয়ের এক অনন্য চার্ম আছে, যা দর্শকদের মন জয় করেছে। তিনি বলেন, “অপূর্বর উপস্থিতি এতটাই আকর্ষণীয় যে, তাঁকে নাটকীয়ভাবে তুলে ধরার চেষ্টা করেছি, যা দর্শকরা পছন্দ করেছেন।”
‘চালচিত্র’-এর সাফল্যের রেশ ধরে এর সিকুয়েল তৈরির ঘোষণা দিয়েছেন নির্মাতা। তবে এটি শুধু সিকুয়েল নয়, একই সঙ্গে একটি প্রিকুয়েল হিসেবেও বিবেচিত হবে।
সিকুয়েলের গল্প ১২ বছর আগে ঘটে যাওয়া এক হত্যাকাণ্ডের মামলার প্রেক্ষাপট নিয়ে তৈরি হবে। এই অংশকে প্রিকুয়েল বলা হচ্ছে। পাশাপাশি, প্রথম সিনেমার ক্লাইম্যাক্স থেকে গল্প এগিয়ে যাবে, যা সিকুয়েলের অংশ।
নির্মাতা প্রতিম ডি গুপ্ত বলেন, “চালচিত্রের প্রথম পর্বে ব্রাত্য বসুর জড়িত থাকার গল্প দেখানো হয়েছিল। সেখানে টোটা রায়চৌধুরী এবং অনির্বাণ চক্রবর্তী পুলিশ কর্মকর্তার চরিত্রে ছিলেন। সিকুয়েলের গল্পে নতুন মোড় নেওয়া হবে, যেখানে এই চরিত্রগুলোর আরও গভীরতা প্রকাশ পাবে।”
‘চালচিত্র’-এর সিকুয়েলে প্রথম পর্বের তারকা টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, ব্রাত্য বসু, এবং শান্তনু মাহেশ্বরী তাদের আগের চরিত্রে ফিরবেন। জিয়াউল ফারুক অপূর্বও থাকছেন কেন্দ্রীয় চরিত্রে।
নির্মাতার দেওয়া তথ্যমতে, সিকুয়েলের চিত্রনাট্য এবং চরিত্রগুলোর রূপায়ন নিয়ে বর্তমানে কাজ চলছে। আগামী বছরের শুরুতেই কলকাতায় শুটিং শুরু হতে পারে।
সিকুয়েলটি মুক্তির জন্য আগামী দুর্গাপূজা অথবা বড়দিন উপলক্ষে পরিকল্পনা করা হচ্ছে। নির্মাতার মতে, অপূর্ব যুক্তরাষ্ট্র থেকে ফিরেই শুটিংয়ে যোগ দেবেন।
‘চালচিত্র’-এর মাধ্যমে জিয়াউল ফারুক অপূর্ব কলকাতার সিনেমায় নিজের শক্তিশালী উপস্থিতি প্রমাণ করেছেন। সিকুয়েল এবং প্রিকুয়েলের সম্মিলিত এই নতুন গল্প দর্শকদের মধ্যে আরও উত্তেজনা সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।











