নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পর এবার বদলি করা হয়েছে গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সারোয়ার হোসাইনকে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়। একই আদেশে ডিএমপির চারজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের দায়িত্বে রদবদল করা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলামকে মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারজিনা নাসরিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।
গুলশান জোনের এডিসি মো. সারোয়ার হোসাইনকে গোয়েন্দা-ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
সম্প্রতি রাজধানীর গুলশানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের একটি মিছিলের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশের গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন ওঠে। এর পরিপ্রেক্ষিতে গুলশান বিভাগের ডিসি ও ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এবার একই ঘটনায় গুলশান জোনের এডিসিসহ চার কর্মকর্তার দায়িত্বেও পরিবর্তন আনা হলো।











