অনলাইন ডেস্ক:
বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চন একসময় ব্যাংককের একটি স্ট্রিপ ক্লাব ও যৌনপল্লিতে গিয়েছিলেন। এ ঘটনার কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে শেয়ার করেছেন চলচ্চিত্র নির্মাতা অপূর্ব লাখিয়া। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘এক আজনবি’ সিনেমার শুটিং চলাকালীন এই অভিজ্ঞতা হয়েছিল, যা প্রায় ২০ বছর আগে ঘটে।
অপূর্ব লাখিয়া জানিয়েছেন, অমিতাভ বচ্চন দীর্ঘদিন ধরে অনিদ্রার সমস্যায় ভুগছিলেন এবং রাতে ঘুমানোর পরিবর্তে সিনেমা দেখার পরিকল্পনা করতেন। একদিন, তিনি অপূর্বকে ব্যাংকক ঘুরে দেখানোর অনুরোধ করেন। অপূর্ব প্রথমে কিছুটা দ্বিধায় ছিলেন, কারণ সেখানে স্ট্রিপ ক্লাব এবং যৌনপল্লি রয়েছে। তবে অমিতাভের অনুরোধে তিনি ব্যাংককের পাটপং এলাকাতে গিয়েছিলেন।
অপূর্বের সঙ্গে ছিলেন আরও কয়েকজন—অর্জুন রামপাল, বিক্রম চাটওয়াল, পেরিজাদ জোরাবিয়ান এবং প্রযোজক বান্টি ওয়ালিয়া। অপূর্ব স্মরণ করেন, “অমিতাভ বচ্চন একটি বোতাম দেওয়া শার্ট এবং নীচে থাই ধুতির মতো পোশাক পরে পাটপংয়ের রাস্তায় হাঁটছিলেন। আমরা এক্সোটিক পু ক্লাবে যাচ্ছিলাম, যেখানে লাইভ শো চলছিল। সেখানে অমিতাভ বচ্চন কখনও এমন শো দেখেননি। ভারতের দর্শকরা তাকে দেখে পাগল হয়ে যাচ্ছিল। তিনি হাঁটছিলেন যেন মুম্বাইয়ের জুহুতে হাঁটছেন।”
অপূর্ব আরও বলেন, “অমিতাভ শো দেখে এতটাই মুগ্ধ ছিলেন যে বারবার বলছিলেন, ‘মাইন্ড-ব্লোয়িং’। রাত ৩টার দিকে হোটেলে ফিরে পরদিন সকালে শুটিং সেটে পৌঁছে গিয়েছিলেন অমিতাভ।”
এই ঘটনা আজও চলচ্চিত্র মহলে আলোচিত। ‘এক আজনবি’ সিনেমার মাধ্যমে অপূর্ব লাখিয়া পরিচালনায় তার দ্বিতীয় কাজ শুরু করেন। এর আগে তার প্রথম সিনেমা ছিল ‘মুম্বাই সে আয়া মেরা দোস্ত’। সিনেমায় অমিতাভ বচ্চন ছাড়াও মুখ্য চরিত্রে অভিনয় করেন অর্জুন রামপাল ও পেরিজাদ জোরাবিয়ান।
বর্তমানে অমিতাভ বচ্চন ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’ সঞ্চালনা করছেন এবং তার পরবর্তী সিনেমা ‘সেকশন ৮৪’ শুটিংয়ের জন্য প্রস্তুত।











