জেলা প্রতিনিধি:
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজায় চলন্ত একটি বিআরটিসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
বাসচালক মো. শাহজালাল জানান, “বরিশাল থেকে সকাল ১১টার দিকে খুলনার উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওনা হয় বাসটি। উজিরপুরের ইচলাদী টোল প্লাজা এলাকায় পৌঁছালে হঠাৎ যাত্রীরা ধোঁয়া দেখতে পান ও চিৎকার শুরু করেন। আমি গাড়ি থামাতেই দেখি পেছন দিক থেকে আগুনের কুণ্ডলী উঠছে। তাৎক্ষণিকভাবে যাত্রীদের সবাইকে নামিয়ে দিই। সকল যাত্রী নিরাপদে আছেন।”
ব্রাহ্মণবাড়িয়া-ব-১১-০০০৪ নম্বরের বিআরটিসি বাসটি মুহূর্তেই আগুনে পুড়ে যায়। খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
উজিরপুর ফায়ার সার্ভিসের অফিসার আব্দুর রশিদ বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কোন হতাহতের ঘটনা ঘটেনি।”
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি।”
অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।











