অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানল

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ আশপাশের কয়েক ডজন গ্রামের বাসিন্দাদের দ্রুত ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মেলবোর্ন থেকে ২৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত গ্র্যাম্পিয়ানস ন্যাশনাল পার্কে এই আগুন ছড়িয়ে পড়েছে।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই দাবানলে ৫৫ হাজার হেক্টর জমি পুড়ে গেছে, যা পার্কটির প্রায় এক-তৃতীয়াংশ। তবে এখনও পর্যন্ত কোনো হতাহত বা বাড়িঘর ধ্বংসের খবর পাওয়া যায়নি।

ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, দাবানল নিয়ন্ত্রণে আনতে ৬০০ দমকলকর্মী কাজ করছেন। তবে ঝড়ো বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে চরম বেগ পেতে হচ্ছে। ভিক্টোরিয়া স্টেট কন্ট্রোল সেন্টারের মুখপাত্র লুক হেগার্টি বলেন, “দিনের বেলায় বাতাসের গতি বাড়ায় আগুন আরও ছড়িয়ে পড়ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।”

জরুরি পরিষেবা বিভাগ থেকে ২৪টিরও বেশি গ্রামের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই এলাকায় কয়েকশ’ মানুষ বসবাস করেন, যাদের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দাবানল থেকে সম্ভাব্য ক্ষতি এড়াতে বাসিন্দাদের দ্রুত স্থানান্তর এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দমকলকর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অস্ট্রেলিয়ায় দাবানল একটি সাধারণ ঘটনা হলেও, গ্র্যাম্পিয়ানস ন্যাশনাল পার্কে এবারের পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক। স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।