অনলাইন ডেস্ক:
বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকারের এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ করা উচিত। কারণ দায়িত্ব পালনে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকারের আমলে খুন, ধর্ষণ, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের হার বেড়েছে। অন্তর্বর্তী সরকারের সময় বর্তমান সরকার বারবার প্রতিশ্রুতি দিয়েছিল যে, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও বেশি অবনতি হয়েছে।
তিনি আরও বলেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা বর্তমানে অনেকটা সংকুচিত হয়ে পড়েছে।
নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
তিনি আরও যোগ করেন, একদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সহিংসতা সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে, অন্যদিকে বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে। এই দুই ধরনের রাজনৈতিক আচরণের ফলেই সামগ্রিক পরিস্থিতি খারাপের দিকে মোড় নিচ্ছে।











