শেখ হাসিনাকে কোনো ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

পলাতক ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারত থেকে দেশে ফিরতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না বলে পরিষ্কার জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি স্পষ্ট করে বলেছেন যে, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতেই তাকে দিল্লি থেকে দেশে ফিরিয়ে আনতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

এ সময় চীন, বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে পরিকল্পিত ত্রিপক্ষীয় করিডোর বাস্তবায়িত হলে পুরো অঞ্চলটি একটি প্রধান বাণিজ্যিক হাবে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, এই আঞ্চলিক করিডরে যুক্ত হতে ঢাকার যথেষ্ট আগ্রহ থাকলেও তার আগে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান প্রয়োজন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও আশা প্রকাশ করেন যে, লিউ হাইশিংয়ের এই বর্তমান সফরের মধ্য দিয়ে আগামী দিনে চীন ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক আরও গভীর ও গতিশীল হয়ে উঠবে।