অনলাইন ডেস্ক:
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফেরালো আয়ারল্যান্ড। হারারে স্পোর্টস ক্লাব মাঠে এই ম্যাচে টসে জিতে আয়ারল্যান্ড প্রথমে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায়।
জিম্বাবুয়ে ৪৯ ওভারে ২৪৫ রানে থামে। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন ওয়েসলি মাদেভেরে, আর সিকান্দার রাজা ৭৫ বলে ৫৮ রান করে ফিফটি হাঁকান। শেষ দিকে ওয়েলিংটন মাসাকাদজা ৩৫ বলে ৩৫ রান করেন। আয়ারল্যান্ডের পক্ষে মার্ক অ্যাডায়ার ৪ উইকেট এবং কার্টিস ক্যাম্ফার ৩ উইকেট শিকার করেন।
জবাবে, আয়ারল্যান্ডের শুরুটা কিছুটা ধীর হলেও অধিনায়ক পল স্টার্লিং এবং কার্টিস ক্যাম্ফারের দারুণ জুটির মাধ্যমে ম্যাচে ফিরে আসে তারা। দুজনেই ফিফটি হাঁকান, যদিও স্টার্লিং সেঞ্চুরির কাছাকাছি পৌঁছাতে পারেননি। ক্যাম্ফার ৯৪ বলে ৬৩ রান করে আউট হন, আর স্টার্লিং ১০২ বলে ৮৯ রান করে বিদায় নেন। দ্বিতীয় উইকেট জুটিতে দুজন মিলে ১৪৪ রান যোগ করেন।
শেষ দিকে জর্জ ডকরেল এবং লরকান টাকার মিলে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। টাকার ৪৮ বলে ৩৬ রান এবং ডকরেল ২০ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। আয়ারল্যান্ড ৮ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয়।
জিম্বাবুয়ের পক্ষে ট্রেভর গুয়ান্দু দুটি উইকেট নেন। সিরিজের তৃতীয় ওয়ানডে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে, যা সিরিজ নির্ধারণী ম্যাচ।










