রাজধানীতে ৩০ লাখ টাকা আত্মসাতের পর ব্যবসায়ীকে হাতুড়িপেটা

অনলাইন ডেস্ক:

রাজধানীর বাড্ডায় পূর্ববিরোধ ও পাওনা টাকা চাওয়ার জেরে লোকমান হোসেন নামের এক ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছেন দুর্বৃত্তরা। গত শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় তার ওপর এই হামলার ঘটনা ঘটে এবং পরবর্তীতে এ বিষয়ে শনিবার রাতে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী লোকমান হোসেন গণমাধ্যমকে জানান, গত শুক্রবার বিকেলে বাসায় ফেরার পথে আফতাব নগর আইডিয়ালের সামনে রিকশা থেকে নামিয়ে ৫-৬ জন অপরিচিত ব্যক্তি দেশীয় অস্ত্র হাতুড়ি, চাপাতি ও হকস্টিক ব্যবহার করে তার ওপর অতর্কিত হামলা চালান। হামলার একপর্যায়ে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

আহত লোকমান হোসেনকে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে শ্যামলী পঙ্গু হাসপাতালে নিয়ে যান কয়েকজন প্রত্যক্ষদর্শী। চিকিৎসা নিতে পঙ্গু হাসপাতালে যাওয়ার পথে প্রিন্স নামক এক ব্যক্তি অজ্ঞাত ফোন নম্বর থেকে কল দিয়ে এ ব্যাপারে মুখ খুললে পুনরায় হামলা করে মেরে ফেলার হুমকি দেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগী লোকমান হোসেন।

এর আগে একটি ভবন নির্মাণের জন্য রাজউকের ছাড়পত্র অনুমোদন করে দেওয়ার কথা বলে চুক্তির মাধ্যমে মিন্টু নামক এক ব্যক্তি ৩০ লাখ টাকা নিয়ে যান। ১৫ কার্যদিবসে ছাড়পত্র অনুমোদন আনার কথা থাকলেও প্রায় দেড় বছর পার হয়ে গেলেও আশানুরূপ ফল না পাওয়ায় লোকমান ও তার সহযোগীরা তাদের পাওনা টাকা ফেরত চান। ফলে মিন্টুর সালা সোহাগ তাকে হুমকি দেওয়ার পাশাপাশি আরও ২০ লাখ টাকা দাবি করেন।

এমন হুমকির ঠিক পরের দিনই আফতাবনগর এলাকায় লোকমানের ওপর এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই পুরো ঘটনায় ইতোমধ্যে বাড্ডা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, আমরা অভিযুক্ত আসামিদের গ্রেফতারের জন্য জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছি।