আই হ্যাভ অ্যা প্ল্যান: নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ প্রবাস জীবন শেষে বীরের বেশে স্বদেশে প্রত্যাবর্তন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত এক বিশাল গণসংবর্ধনায় তিনি আগামীর আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

লাখো মানুষের উপস্থিতিতে দেওয়া ভাষণে তারেক রহমান বলেন, “মার্টিন লুথার কিং বলেছিলেন ‘আই হ্যাভ অ্যা ড্রিম’, আর আজ আমি বলছি ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’।” এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবিলা করে ধৈর্য ও শান্তির মাধ্যমে একটি শক্ত গণতান্ত্রিক এবং অর্থনৈতিক ভিত্তির ওপর রাষ্ট্র গড়ে তোলা।

তিনি বিশেষ করে তরুণ প্রজন্মের ওপর গুরুত্বারোপ করে বলেন, আগামী দিনের নেতৃত্ব তরুণদেরই দিতে হবে এবং সেই দায়িত্ব এখনই গ্রহণ করার সময় এসেছে। বক্তৃতার শুরুতেই তিনি মহান আল্লাহ ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মুক্তিযুদ্ধে শহীদসহ সকল ঐতিহাসিক বিপ্লবে অংশগ্রহণকারীদের স্মরণ করেন।

তারেক রহমান স্পষ্ট করে বলেন, তার লক্ষ্য পাহাড়-সমতলের সব ধর্মের ও বর্ণের মানুষের জন্য একটি নিরাপদ রাষ্ট্র গড়ে তোলা। তিনি এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখান যেখানে নারী-শিশুসহ প্রতিটি নাগরিক ঘর থেকে নিরাপদে বের হয়ে নিরাপদে ফিরতে পারবে।

সবশেষে, দলমত নির্বিশেষে দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে সবার সহযোগিতা কামনা করেন তিনি। একইসঙ্গে যেকোনো উসকানির মুখে ধৈর্য ধারণ করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য নেতা-কর্মীদের কঠোর নির্দেশনা দেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।